মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জানুয়ারিতে নয়, আগামী বছরের এসএসসি মার্চে শুরুর চিন্তা

ডেস্ক রিপোর্ট ৫১ বার পঠিত
জানুয়ারিতে নয়, আগামী বছরের এসএসসি মার্চে শুরুর চিন্তা

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়েছে, তা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা প্রশাসন।

পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রোজা ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বুধবার দুপুরে বলেন, "পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চ মাসে শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।"

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে রমজান শেষে ঈদুল ফিতর উদযাপন হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। তাই ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্তে পরিবর্তন এলে মার্চের মাঝামাঝিতে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত ১৪ মে দেওয়া ওই ঘোষণা আসার পর বিষয়টি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। ইতোমধ্যে এ পরীক্ষার প্রস্তাবিত সূচি প্রকাশিত হয়েছে।

তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি এসএসসি ও সমমান শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।

একদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করা এ শিক্ষার্থীরা নবম দশম শ্রেণিতে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়েছেন।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে দেরিতে বই পেয়ে তারা ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষা বসার প্রস্তুতিতে ছিলেন। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে এই পরীক্ষায় বসতে যাওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকে আশঙ্কা করছেন।

এক সময় ফেব্রুয়ারি এসএসসি ও সমমান ও এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রেওয়াজ থাকলেও কোভিড-১৯ ও গণঅভ্যুত্থানে শিক্ষাপঞ্জি ওলট-পালট হয়ে যাওয়ার পর চলতি বছর এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে জানুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।