সাড়ে ১৪শ কোটিতে ম্যান সিটিতে মরক্কোর ‘লায়ন’ বুয়াদ্দি
ফরাসি ক্লাব লিল থেকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। এবারের দলবদলে বড় অঙ্কের অর্থ খরচ করে ১৮ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে পেপ গার্দিওলার দল।
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে বুয়াদ্দির মেডিকেল সম্পন্ন হয়েছে। লিল থেকে তাকে দলে নিতে সিটি ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক অ্যাড-অনস হিসেবে আরও ৫ মিলিয়ন ইউরো যোগ হবে।
সব মিলিয়ে বুয়াদ্দির পেছনে ম্যানচেস্টার সিটির ব্যয় হচ্ছে ১০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৪৩১ কোটি টাকা। রোমানো জানিয়েছেন, দুই ক্লাবের মধ্যে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
মরক্কোর জাতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর থেকেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে ছিলেন বুয়াদ্দি। মাঝমাঠে তার পরিশ্রম, বল নিয়ন্ত্রণ এবং নিখুঁত পাসিং দক্ষতা তাঁকে আলাদা করে তুলেছে। এসব গুণেই ম্যানচেস্টার সিটির কোচিং স্টাফদের নজর কাড়েন এই তরুণ।
লিলের হয়ে প্রতিভার স্বাক্ষর রাখা বুয়াদ্দির সামনে এবার অপেক্ষা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন পরীক্ষা। ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজেকে প্রমাণ করে ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে ওঠাই এখন তার নতুন চ্যালেঞ্জ।