কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে দাদি-নাতনিসহ নিহত ৩
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দাদি-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় রিলাক্স রেস্টুরেন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং বদিউল আলমের নাতনি জারামনি (৮)।
আহতরা হলেন-বদিউল আলম (৫০), তার নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২) এবং মেয়ে স্বর্ণা বেগম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইলে এক রোগীকে দেখতে গিয়েছিলেন হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।