মূল সংবাদে যান
১১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি ২৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) নামের আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। আহত খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে আটজনের একটি দল নিয়ে পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান হেলিম। কাজ করার সময় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে হেলিম গুরুতর আহত হন। এ সময় বিকট শব্দে পাশে থাকা খোকন মিয়া অচেতন হয়ে পড়েন।

পরে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে হেলিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেলিমের চার বছর, দুই বছর ও ৯ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।