চুক্তিতে আরও ১৫ মাস ফ্রান্সে রাষ্ট্রদূত থাকছেন মোহাম্মদ তালহা
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে খন্দকার মোহাম্মদ তালহাকে আরও ১৫ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগের মেয়াদ হবে ২০২৬ সালের ৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
তিনি ২০২১ সাল থেকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
একইসঙ্গে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসা তালহা ২০২৫ সালের অক্টোবরে সংস্থাটির ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। এ পদে নির্বাচিত প্রথম বাংলাদেশি তিনি।
পেশাদার কূটনীতিক খন্দকার মোহাম্মদ তালহা ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে (পররাষ্ট্র ক্যাডার) যোগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমান দায়িত্বের আগে তিনি ঢাকায় পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত চিফ অব প্রোটোকল হিসেবে দায়িত্বে ছিলেন।
বিদেশে বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেন তালহা। সেখানে তিনি সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটি, ইকসোক এবং জাতিসংঘের বিভিন্ন তহবিল ও কর্মসূচির দায়িত্বে ছিলেন।
২০০৪ সালে নিউ ইয়র্কে দায়িত্ব পালনকালে তিনি ‘জাতিসংঘ জনসংখ্যা ও উন্নয়ন কমিশন’-এর ভাইস-চেয়ার নির্বাচিত হন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি তেহরানে বাংলাদেশ মিশনে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত জেনিভায় বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত অবস্থায় তিনি ইউএনসিটিএডি ও বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত বিষয়গুলো তদারকি করেন এবং বিশেষজ্ঞ পর্যায়ে ‘এলডিসি গ্রুপের’ সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে খন্দকার মোহাম্মদ তালহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ‘ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’-এ স্নাতকোত্তর করেন তিনি।