মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতিদের
পবিত্র মক্কা নগরীকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য সৌদি আরবের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ইয়েমেনের হুতি নেতা আবদুল-মালিক আল-হুতি।
মক্কাকে লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার যে দাবি রিয়াদ করেছে, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন মিথ্যা’ ও ‘অপপ্রচার’ বলে নাকচ করে দিয়েছেন তিনি। উল্টো সৌদি আরবই মক্কাকে নিজেদের ‘নিপীড়নের প্রতীক’ হিসেবে ব্যবহার করে মুসলিম বিশ্বকে উসকে দিচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
মক্কা নিয়ে এই পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই সংঘাতের নতুন পর্যায়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে দ্রুত অগ্রসর হয়েছে হুতিরা। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হুতি ও সৌদি জোটের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় ইয়েমেন সরকারের ২৩ সেনা ও হুতিদের ৪০ যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া সৌদি ভূখণ্ডে প্রথমবারের মতো এক বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।
ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব চীনের দ্বারস্থ হয়েছে। বেইজিং এরই মধ্যে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে হুতিদের ওপর প্রভাব খাটাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় অঞ্চলে সৌদির নিরাপত্তা জোরদারের কারণ দেখিয়ে দেশটির কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।