মূল সংবাদে যান
২৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৩ বার পঠিত ২ মিনিটের পাঠ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টার সময় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

বাতাসের তীব্রতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যা আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।