মেসির শেষ ম্যাচে ১০ মিনিটে বিশেষ শ্রদ্ধা, কাঁদল মনুমেন্টাল
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ১০ মিনিটে থামিয়ে দেওয়া হলো খেলা। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে এক মিনিট ধরে করতালিতে বিদায় জানাল আর্জেন্টিনার মহাতারকাকে।
বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই মেসিকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ। ১০ মিনিটে রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিলে মাঠের খেলোয়াড়, বেঞ্চে থাকা কোচিং স্টাফ এবং গ্যালারির দর্শক- সবাই দাঁড়িয়ে পড়েন।
মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেই ভালোবাসা গ্রহণ করেন মেসি। সতীর্থদের সঙ্গে তিনিও হাততালি দেন, পরে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। টানা প্রায় এক মিনিট ধরে চলে এই বিশেষ শ্রদ্ধা নিবেদন।
বিদায়ী ম্যাচের আগে মেসির জন্য মাঠে নামানো হয় বিশাল আকারের ১০ নম্বর জার্সি। তবে সেখানে ছিল না তার নাম। লেখা ছিল ‘Gracias’। সেই দৃশ্যের পর থেকেই গ্যালারিতে শুরু হয় ‘মেসি, মেসি’ স্লোগান।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছেন ২০৮ ম্যাচে। করেছেন ১২৬ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮ গোল।
বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক স্বর্ণ- জাতীয় দলের হয়ে প্রায় সব বড় অর্জনই এসেছে তার ক্যারিয়ারে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে অপূর্ণতা ঘোচানোর পর মেসি পরিণত হন আর্জেন্টিনার সবচেয়ে বড় ফুটবল কিংবদন্তিদের একজন হিসেবে।
তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছিলেন মেসি। এরপর দেশের মাটিতে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
বিদায়ী ম্যাচের আগে মেসি বলেছিলেন, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি। আমি আমার সর্বস্ব দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন।’
আর বেনিনের অধিনায়ক সেসি দা’আলমেইদাও ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দেন। অ্যামাজন যোদ্ধার একটি মূর্তি ও একটি চিঠি তুলে দেন আর্জেন্টাইন অধিনায়কের হাতে।
সব মিলিয়ে মনুমেন্টালে এ যেন শুধু একটি ফুটবল ম্যাচ নয়- একটি যুগের বিদায়ের সাক্ষী হওয়ার রাত।