অবসর নিচ্ছেন না রোনালদো, কোচের বিরুদ্ধে অভিযোগ এনে দিলেন ফেরার ইঙ্গিত
পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে দুইবার কথা না রাখার অভিযোগ তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি এবং পরে বিষয়টি প্রকাশ্যে ব্যাখ্যা করার জন্য করা সমঝোতা, দুই ক্ষেত্রেই জেসুস কথা রাখেননি বলে দাবি করেছেন এই পর্তুগিজ তারকা। তবে ফেডারেশন থেকে কোনো শাস্তি এলে, তা মাথা পেতে নিয়েই জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ডেনমার্কের কোপেনহেগেন থেকে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর মঙ্গলবার (৬ অক্টোবর) দীর্ঘ এক বিবৃতিতে পুরো ঘটনায় নিজের ভাষ্য তুলে ধরেন ৪১ বছর বয়সী রোনালদো। তিনি জানান, ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে নরওয়ে ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচে খেলার সময় নিয়ে কোচের সঙ্গে তৈরি হওয়া মতবিরোধই দায়ী।
রোনালদোর দাবি, জেসুসের সঙ্গে আগে একটি পরিকল্পনা হয়েছিল। ফিট থাকতে নরওয়ে ও ডেনমার্কের ম্যাচে তিনি নাও খেলতে পারেন। কিন্তু নরওয়ের বিপক্ষে ম্যাচের দিন কোচ তাকে জানান, প্রায় ৩০ মিনিট খেলানো হবে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় গা গরম করলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি তাকে।
রোনালদো বলেন, ‘সবাই জানে এরপর কী হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গা গরম করছিলাম, সময় পার হতে দেখেছি, কিন্তু আমাকে মাঠে নামানো হয়নি। কোচ আমাকে দেওয়া তার কথা রাখেননি।’
এরপর রোনালদোর ক্লাব আল নাসরের ক্রীড়া পরিচালক সিমাও কুতিনিওর উপস্থিতিতে জেসুসের সঙ্গে একটি বৈঠক হয় বলে জানান তিনি। সেখানে পরবর্তী সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি পরিষ্কার করার ব্যাপারে সমঝোতা হয়েছিল। এ জন্য আট দফার একটি নথিও তৈরি করা হয় বলে জানান রোনালদো।
রোনালদোর ভাষ্য অনুযায়ী, ওই নথিতে বলা হয়েছিল, তিনি কখনো খেলার সময় দাবি করেননি, কোচের সিদ্ধান্তকে সম্মান করেছেন এবং তাকে গা গরম করিয়ে মাঠে না নামানোটি ছিল একটি ভুল। সেখানে জেসুসকে তার কাছে ক্ষমা চাইতে হবে, এমন কোনো কথাও ছিল না। কিন্তু পরবর্তী সময়ে কোচ সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেন, তা তাদের ব্যক্তিগত আলোচনার সঙ্গে মেলেনি বলে দাবি রোনালদোর।
তিনি বলেন, ‘এটি ছিল দ্বিতীয়বার, যখন তিনি আমাকে দেওয়া কথা রাখেননি। আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গের অপেক্ষায় না থেকে আমি জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’
তবে রোনালদোর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন জেসুস। রোববার নরওয়ের বিপক্ষে পর্তুগালের জয়ের পর তিনি দাবি করেন, রোনালদোর সঙ্গে এমন কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে রোনালদো চাইলে ভবিষ্যতে জাতীয় দলে ফিরতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য সমর্থক ও সতীর্থদের কাছেও ক্ষমা চেয়েছেন রোনালদো। নরওয়ের ম্যাচের পর সমর্থকদের অভিবাদন জানাতে না যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। তার ভাষায়, অধিনায়ক হওয়ার কারণে নিজের আচরণের দায় আরও বেশি।
রোনালদো বলেন, ‘আমার কর্মকাণ্ডের পরিণতি পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে মূল্যায়ন করতে হবে এবং শাস্তির যোগ্য হলে দিতে হবে।’
তবে সম্ভাব্য শাস্তির পর জাতীয় দলে ফেরার বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। তিনি জানান, শারীরিকভাবে সুস্থ থাকলে এবং ক্লাব আল নাসরের হয়ে নিয়মিত খেললে, যেকোনো শাস্তির পর জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত থাকবেন।
রোনালদো বলেন, ‘আমি সবসময় যেমন ছিলাম, তেমনই জাতীয় দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের জন্য প্রস্তুত থাকব।’
সূত্র: দ্য গার্ডিয়ান