পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছুরি দিয়ে আঘাতের হুমকি ও ঘরের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে মাসুম (২৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মাসুম উপজেলার বাহাদিয়া গ্রামের তোফাজ্জলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। তাদের ছুরি দিয়ে আঘাত করার হুমকি দেওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। এমনকি তার বাবাকে বাড়িতে থাকতে দিতেন না।
শুক্রবার সকালে মাসুমকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, মাদকের টাকার জন্য মাসুম প্রায়ই তার অসুস্থ বাবাকে মারধর করতেন এবং বাড়িঘরে ভাঙচুর চালাতেন। তার আচরণে মা-বাবা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ কারণে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।