নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক
সাজেকের সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবরের জরুরি গণবিজ্ঞপ্তিতে জারি করা নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পর্যটক ভ্রমণে আর কোনো বাধ্যবাধকতা নেই।
এর আগে, দুটি সংগঠনের সাজেক সড়কে অবরোধ ডাকাকে কেন্দ্র করে ১১ অক্টোবর সন্ধ্যায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। তবে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সংগঠন দুটি অনিদিষ্টকালের অবরোধ স্থগিত করে।
বৃহস্পতিবার বিকেলের দিকে গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন। ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সড়ক অবরোধ স্থগিত ঘোষণার পরপরই রাঙামাটি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে দুর্গাপূজার মধ্যে সাজেক ভ্রমণে আর কোনো বাধা রইল না।
এর আগে, গত ১১ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।