ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বেরিয়ে গেলো বাংলাদেশি প্রতিনিধিদল
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা তৈরির উদ্যোগবিষয়ক সম্মেলন সিআইসিএর (CICA) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় কক্ষ ছেড়ে বেরিয়ে যায় বাংলাদেশের প্রতিনিধিদল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এই প্রতিবাদ জানায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের প্রতিনিধিরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এ সময় আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা বেরিয়ে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, জর্ডান ভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে, ওই সময় ইরান, ফিলিস্তিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরাক, মিশর, কুয়েত, কাতার, জর্ডান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরাও বের হয়ে যান।
জানা গেছে, আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভের আমন্ত্রণে এই সম্মেলনে বক্তব্য দিতে গেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। বুধবার (১৪ অক্টোবর) তারা আলাদা বৈঠকও করেছেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সঙ্গে ইরানের বিশাল সীমান্ত রয়েছে। অভিযোগ আছে, গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায় তখন আজারবাইজানেও ইসরায়েলি সেনারা অবস্থান নেয়। তারা সেখান থেকে বিভিন্ন হামলা চালিয়েছে।
মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইসরায়েল আজারবাইজানের জ্বালানির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। অন্যদিকে, আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে বিপুল অস্ত্র কেনে।