রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর
ফরিদপুরের মধুখালীতে ঢাকাগামী বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই মাগুরা সদর উপজেলার বাসিন্দা এবং শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা ফরিদপুরে রেড ক্রিসেন্টের একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে ফিরছিলেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. রাব্বি (২১) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম মো. বশারত মোল্লা। তার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকায়।
রাব্বির এক চাচাতো ভাই জানান, রাব্বি ও তার সঙ্গে থাকা অন্যরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সভায় অংশ নিতে তারা ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে মাগুরায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন হতাহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অ্যাম্বুলেন্সে ছয় থেকে সাতজনের একটি দল ছিল। তারা ফরিদপুরে রেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মাগুরায় ফিরছিলেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং অ্যাম্বুলেন্সে থাকা সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’