ক্ষুদ্রঋণ গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন এনেছে’
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে ড. আখতার হামিদ খানের ক্ষুদ্রঋণ কর্মসূচি দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে।
মঙ্গলবার সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৬৯তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বার্ডের প্রশিক্ষণ ও গবেষণাসহ সার্বিক কার্যক্রম আরো সময়োপযোগী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিষ্ঠানের কর্মক্ষমতা, দক্ষতা ও কাজের পরিধি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
এ সময় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, বার্ডকে শুধু গতানুগতিকভাবে প্রশিক্ষণ ও গবেষণাকর্ম চালালে চলবে না। প্রতিটি কর্মকাণ্ডের নিবিড় তদারকি ও সার্বিক মূল্যায়ন করতে হবে।
সভায় জানানো হয়, বার্ড গত ২০০৮ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৪০টি কোর্সের মাধ্যমে ৩৩ হাজার ৮০৩ জন সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সফলভাবে বিভিন্ন জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলো হলো- সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি, ইকো-টয়লেট, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব স্যানিটেশন ও সমন্বিত গ্রাম উন্নয়ন কর্মসূচি।
সভায় বার্ডের সমস্যা ও সীমাবদ্ধতাসহ সার্বিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি শিগগিরই একটি প্রতিবেদন পেশ করবে। এছাড়া সভায় প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণাসহ বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৫ -১১-২০১৬ ইং / মো: হাছিব
এ সময় অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৫ -১১-২০১৬ ইং / মো: হাছিব