রিজার্ভ চুরির অবশিষ্ট অর্থ উদ্ধারে মামলা করবে সরকার
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া বাকি অর্থ ফেরত না দিলে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করবে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত এ কথা বলেন।
চুরি হওয়া বাকি অর্থ ফেরত দেবে না বলে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বক্তব্য গ্রহণযোগ্য নয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন, এতোদিন তাদের আচরণ ভালো ছিল, আমরা মামলা করিনি। এখন আরসিবিসি বলছে, কোনো টাকা ফেরত দেবে না। যেহেতু রিজার্ভের অর্থ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে ছিল তাই আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো।
তিনি বলেন, রিজার্ভের চুরি হওয়া বাকি অর্থ ফেরত বিষয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ফিলিপাইনে গেছে। তাদের আজ দেশে ফেরার কথা। তারা আসলে অলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের অবহেলার জন্যই নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছে এমন কারণ দেখিয়ে আরসিবিসি বলছে, বাংলাদেশ ব্যাংককে আর কোনো টাকা দেয়া হবে না। তবে আরসিবিসির এ বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানান অর্থমন্ত্রী।
চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে হদিস না মেলা ৬৬ মিলিয়ন ডলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকেই (আরসিবিসি) পরিশোধ করতে হবে বলে মনে করে বাংলাদেশ। রিজাল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ওপর দায় চাপিয়ে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানালেও লাভ হবে না।
এর আগে হ্যাকারদের একটি গ্রুপ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ চুরি করার চেষ্টা করে।
তবে পুরোপুরি সফল না হলেও ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় তারা। বাংলাদেশ ব্যাংকের কোড ব্যবহার করে এই অর্থ চুরি করা হয়।
বাংলাদেশ ব্যাংক বলছে, হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এবং সুইফট কোড নিয়ন্ত্রণে নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে ৩০টি পেমেন্ট অ্যাডভাইজ পাঠায় ফিলিপাইনের স্থানীয় ব্যাংকে টাকা স্থানান্তরের জন্য।
এর মধ্যে ৪টি অ্যাডভাইজ অনার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক যার মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার সফলভাবে পাচার করতে সক্ষম হয় হ্যাকাররা। রিজার্ভ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর আরসিবিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৩০- ১১–২০১৬ ইং / মো: হাছিব