মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জ্বালানি তেলের দাম কমবে শিগগিরই

Muktijoddhar Kantho ৫৬ বার পঠিত

অর্থনৈতিক রিপোর্ট :

জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিগগিরই কমছে জ্বালানি তেলের দাম। এখন সরকারের অনুমতির অপেক্ষা মাত্র।
শুক্রবার সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে ১০৮টি কূপ খননের কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। টেন্ডার আহ্বান করে ঠিকাদার নিয়োগ হলেই কূপ খননের কাজ শুরু হবে।

ভিশন-২০২১ বাস্তাবায়নের লক্ষ্যে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো ও  উৎপাদিত তেলের মান বাড়াতে সরকার কাজ করছে বলে জানান

প্রতিমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে গ্যাসের সঙ্গে পাওয়া এনজিএল থেকে এলপিজি গ্যাস এবং পেট্রল উৎপাদিত হয়। এ পেট্রলের মান আরও কীভাবে বাড়ানো যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, কৈলাশটিলার ৭ নং কূপে তেল পাওয়ার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এ নিয়ে আবারও জরিপ চালানো হবে।

সারা বিশ্বে গ্যাসের দাম কমে যাওয়ায় বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের চলে যাওয়ার সিদ্ধান্তে সরকারের ভূমিকা কী হবে- এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, চুক্তি অনুযায়ী বিনিয়োগ ছাড়া গ্যাস ফিল্ডের ৮০ শতাংশের মালিক সরকার। বাকি ২০ শতাংশ শেভরনের। এই ২০ শতাংশের জন্য বিপুল পরিমাণ অর্থ সরকার ব্যয় করে লাভবান হবে কিনা তার সম্ভাব্যতার যাচাই চলছে।

শুক্রবার দুদিনের সফরে সিলেটে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী। বিকালে কৈলাশটিলা গ্যাস ফিল্ডের তেল ও এলপিজি গ্যাসের কাঁচামাল এনজিএল উৎপাদনকারী এমএসটি প্লান্ট পরিদর্শনের যান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির অধীনে থাকা চারটি গ্যাসফিল্ডের উৎপাদন ও সম্ভাবনার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-ডিসেম্বর-২০১৬ইং/নোমান