মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সংকট থাকায় বিএনপিতে বারবার অবস্থান পরিবর্তন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

suronjit
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপিতে সংকট থাকার কারণে বারবার তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। এজন্য বিএনপির কে যে মুখ, কে যে পাত্র বোঝা মুশকিল।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির মধ্যে সংকট থাকার কারণে বারবার তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। তাদের দোদুল্যমনতাই প্রমাণ করছে তাদের রাজনীতি দোষে দুষ্ট। বিএনপির মধ্যে বর্তমানে দুটি গ্রুপ সক্রিয়।
তিনি বলেন, কয়েকদিন আগে জমির উদ্দিন সরকার সাহেব বললেন, খালেদা জিয়াও বললেন এখন কোনো কিছু লাগবে না। কোনো রকম একটা নির্বাচন হইলেই হইবো। শেখ হাসিনার অধীনেও যাইতে রাজি আছি। কাল আবার কয়, মধ্যবর্তী না আমরা নতুন নির্বাচন চাই।
তিনি বলেন, নতুন নির্বাচন কখন হয়, কিভাবে হয় সংবিধানে লেখা আছে। সেই অনুযায়ী নির্বাচন হবে। আমার আশা এ বিষয়ে বিএনপি তার সিদ্ধান্তে অটল থাকবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুরঞ্জিত বলেন, এ দেশে মুক্তিযুদ্ধকে অমান্য করে, স্বাধীনতাকে অমান্য করে বঙ্গবন্ধুকে অমান্য করে স্বাধীনতা বিরোধী রাজনীতি ভবিষ্যতে করার আর সুযোগ নেই।
পুলিশের এসআই নিয়োগ প্রসঙ্গে প্রবীণ নেতা বলেন, ২৬ হাজার পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেবে সেটা ভালো সংবাদ। তারা যদি দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হয় তাদের নিয়োগটা কে দেবে? পাবলিক সার্ভিস কমিশন না স্বরাষ্ট মন্ত্রণালয়? এটা সংবিধানে বলা আছে বলা আছে। সেটা দেখে ঠিক করে নেন। না হলে এ নিয়োগ প্রক্রিয়াটাই থমকে যাবে।
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি চিত্ত রঞ্জন দাশ।