মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাহসের অভাবে ছাত্রসংসদ নির্বাচন হয় না: শিক্ষামন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

nahid
সাহসের অভাবে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রসংসদ নির্বাচন করতে পারে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তারা নির্বাচন না করলে আমরা দায়িত্ব নিতে পারি না। প্রথমবারের মতো মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন,

বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইনে চলে। তারা স্বায়ত্ত্বশাসিত, অনেক ক্ষেত্রে বলতে পারি প্রায় স্বাধীন। আমরা শতভাগ টাকা দেই, কিন্তু ক্ষমতা খাটাই শূন্যভাগ। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত সিনেট রয়েছে, শুধু নির্বাচন করাই বড় ব্যাপার না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সুস্থ মানসিকতা, পরিবেশ, গাছ লাগানো ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত। অনেক ক্ষেত্রে হয়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয় না।

আমরা বারবার তাদের তাগিদ দেই। তারা সাহস করে করতে পারেন না। আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না, আপনি কাল নির্বাচন করেন। আমরা প্রভাবান্বিত করার চেষ্টা করি। সেই দায়িত্ব দিয়ে তারা না করলে আমরা তো দায়িত্ব নিতে পারব না। যেহেতু আমাদের প্রভাবিত করার সুযোগ খুবই কম। যোগ করেন তিনি। ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হয়ে আসলেও এবারই প্রথম মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটি, কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রণালয়, অধিদপ্তর শিক্ষাবোর্ড- সবার মিলিত চেষ্টায় এগুলোতে প্রভাবিত করতে পারি। এই প্রক্রিয়া পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে প্রভাব সৃষ্টি করবে আশা করে শিক্ষামন্ত্রী বলেন, সমাজেও গণতান্ত্রিক প্রভাব বিস্তার করতে পারে। স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মাধ্যমে রাজনীতির কোনো সুযোগ নেই বলে জানান নাহিদ। কারণ একানে সভা-সমাবেশ বা পোস্টার ছাপানোর সুযোগ নেই। তিনি বলেন, তবে আমরা চাই তারা রাজনীতি শিখুক, আধুনিক যুগের জ্ঞান অর্জন ছাড়া নেতা হতে পারবে না।