অগ্ন্যুৎপাতে ইকুয়েডরের ৩ লক্ষাধিক লোক হুমকির মুখে

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইকুয়েডরের কোটোপাক্সি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে প্রায় তিন লাখ ২৫ হাজার লোক হুমকির মুখে পড়তে পারে।
এ আগ্নেয়গিরি ইকুয়েডরের রাজধানীবাসির জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানান।
ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী মারিয়া ডেল কর্নেজো সংবাদ সম্মেলনে বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ৫ হাজার ৯শ’ ফুট উচু থেকে তুষারপাত অনেক বড় ঝুঁকি। এতে পার্শ্ববর্তী বিভিন্ন শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে।
বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগ্নেয়গিরির মধ্যে অন্যতম বিবেচনা করা হয় কোটোপাক্সিকে। সেখান থেকে শুক্রবার উদগিরণ শুরু হয়। এরআগে ১৮৭৭ সালে সর্বশেষ এ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটে।
সেখানে কয়েকবার ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এরফলে সরকার জরুরী অবস্থা জারি করে এবং ওই আগ্নেয়গিরির পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৫শ’ লোককে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়া হয়।