ছাত্রীর সঙ্গে অসভ্য আচরণ, শিক্ষক জেলে

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে নিজের ঘরে ডেকে চুমু খাওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এলাকার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে।
অভিযুক্ত শিক্ষকের নাম চন্দনকুমার মাইতি। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করার পরই গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। অভিযুক্তকে আজ ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে ১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে সহপাঠী আরেক ছাত্রের প্রেম ছিল। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তাকে বকাঝকা করেছিলেন। পরে অভিভাবকদের স্কুলেও ডাকা হয়েছিল। গত শুক্রবার ছাত্রীকে প্রধান শিক্ষক তাঁর রুমে ডেকে পাঠান। সেখানে তাকে জোর করে চুমু খাওয়া হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
ওই ছাত্রী কাঁদতে কাঁদতে স্কুল ছেড়ে বাড়ি চলে যায়। পরে অভিভাবকদের সঙ্গে নিয়ে সে লিখিত অভিযোগ জানায় মথুরাপুর থানায়। গতকাল প্রধান শিক্ষক চন্দন মাইতিকে পুলিশ গ্রেপ্তার করে।