বিএনপি যদি আবার ভুল করে আম ছালা সবই হারাবে : ত্রাণমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজপথে আসার আহ্বান জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে জ্বালাও পোড়াও মানুষ হত্যা বন্ধ করতে হবে। ষড়যন্ত্র বাদ দিয়ে রাজনীতিতে ফিরে আসতে হবে, রাজপথে আসতে হবে। সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন। আজ সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মায়া বলেন, এখন অনেকে নির্বাচনের কথা বলেন। কিসের জন্য, কেন নির্বাচন হবে? দেশে এমন কি হয়েছে? ২০১৯ সালের ৫ জানুয়ারির আগে শেখ হাসিনা আমলে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। যারা অংশ নিতে চান সবাইকে আমরা স্বাগত জানাই।
তিনি আরো বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করেননি। ক্ষতি কার হয়েছে? বাংলার মানুষের কোন ক্ষতি হয়নি। আমরা ক্ষমতায় এসেছি। ক্ষতি হয়েছে বিএনপির। তাদের কোন খবর খুঁজে পাওয়া যায় না। ২০১৯ সালে যদি বিএনপি আবার ভুল করে আম ছালা সবই হারাবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল, জাতীয় প্রকল্প পরিচালক, সিডিএমপি-২ আবদুল কাইয়ুম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, অধিদপ্তরের উপপরিচালক আ ফ ম মহিতুল ইসলাম প্রমুখ।