মোল্লা ওমরকে লুকিয়ে রেখেছিল আইএসআই

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ২০০১ সালে আফগানিস্তান থেকে পালানোর পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর আশ্রয়ে ছিল তালেবান নেতা মোল্লা ওমর। কোয়েটায় এক সেফ হাউসে লুকিয়ে রাখা হয়েছিল তাকে। প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের একটি ইমেলের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সূত্রের পক্ষ থেকে জানা যায়, দু’বছর আগে করাচির এক হাসপাতালে মৃত্যু হয় মোল্লা ওমরের। এতদিন অবধি পাক প্রশাসন সব সময়ই তাদের সঙ্গে মোল্লা ওমরের যোগাযোগের কথা অস্বীকার করে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও দাবি করা হয়েছে, তাদের কাছে এই বিষয় সংক্রান্ত কোনও নথিপত্র নেই। যদিও গত ২০১০ সালে ২৫ অাগস্ট হিলারি ক্লিন্টনকে পাঠানো এক ইমেল-এর তথ্য অন্য কথা বলছে।
ইমেলে ক্লিন্টনকে কোনও এক সিড নামের ব্যক্তি লিখেছেন, আপনি এই ঘটনা সম্পর্কে নিশ্চয়ই অবহিত ছিলেন। মোল্লা ওমরকে বাঁচাতে এবং পালিয়ে যেতে সাহায্য করেছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা, ইমেলে দাবি সেই সিড নামের ব্যক্তির। প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধে আফগানিস্তান কৌশলগত ভূমিকা পালন করেছিল, দাবি সিড নামের অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির। যদিও এই ব্যক্তির পুরো পরিচয় উড়িয়ে দেওয়া হয়েছে ইমেল থেকে।
এটা হচ্ছে সেই বিতর্কিত ইমেল যা হিলারির একগুচ্ছ মেলের সঙ্গে প্রকাশ করা হয় স্টেট ডিপার্টমেন্টের সাহায্যে।
ইমেলটি নিউ স্টেটসম্যানে প্রকাশিত হয় ‘দ্য মিলিটারি অ্যান্ড মোল্লা’ শিরোনামে প্রকাশিত এক সম্পাদকীয়তে। ইমেলে-র নীচে কমেন্ট-এর জায়গায় লেখা ছিল, বহুদিন ধরেই পাকিস্তান জেহাদিদের সাহায্য করে, শুধুমাত্র আফগানিস্তানের ওপর কর্তৃত্ব বজায় রাখতে ও ভারতকে দমিয়ে রাখতে। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে এই জোটটা খুবই বিপজ্জনক। ওই সম্পাদকীয়তেই লেখা রয়েছে, আইএসআই-ই ২০০১ সালে মোল্লা ওমরকে আফগানিস্তান থেকে পালাতে সাহায্য করেছিল।
সূত্র: এবিপি আনন্দ