মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

অর্থমন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দেশে ফোর জি চালু করা হবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৮৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট ।। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দেশে ফোর জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেছেন, ‘দেশে ফোর-জি চালুর জন্য অর্থমন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা অনুমোদন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সোমবার বিকেলে প্রতিমন্ত্রী খুলনার শিরোমনিস্থ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি কেবল শিল্প কারখানায় অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া দেখেন।

পরিদর্শন শেষে মোবাইলের কলরেট বেশি এবং ইন্টারনেটের স্পিড কম- এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রাহকরা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন রেটে মোবাইল ব্যবহার করছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে টেলিযোগাযোগ খাতের সমস্যা অনেকাংশে কমে আসবে।

তারানা হালিম বলেন, মোবাইলের অপব্যবহার ও চুরি প্রতিরোধে আইএমই চিহ্নিতকরণ এবং অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোন বন্ধ করার ইকুইপমেন্ট বিটিআরসি সংগ্রহের পরিকল্পনা করছে।

এ সময় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের (বাকেশি) ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন আল-আজাদ, বাকেশি’র কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের খানসহ কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী কেবল শিল্প লিমিটেডের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কারখানা প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বাকেশি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ ক্যাবল শিল্প লি. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন একটি শিল্প প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিযোগাযোগ কপার ক্যাবল উৎপাদন করে দেশের শতভাগ চাহিদা পূরণ করে আসছে। দেশে মোবাইল ফোন, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের প্রেক্ষিতে এ প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তির অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরির প্লান্ট স্থাপন করা হয়। ২০১১ সালের জুলাই থেকে বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদন শুরু করে।