গুলি করে প্রেমিকাকে হত্যার পর প্রেমিক নিজেও আত্মঘাতী

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ব্যর্থ প্রেমের মর্মান্তিক পরিণতি। পাকিস্তানের এক বেসরকারি স্কুলের কিশোর পড়ুয়া প্রেমিকাকে গুলি করে মেরে আত্মঘাতী হয়েছে। পুলিশ জানিয়েছে,
দুজনেরই বাড়ির লোকজন তাদের সম্পর্ক মেনে নেয়নি। কিন্তু তারা একে অপরকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলেই মনে করা হচ্ছে।
স্কুলে তখন প্রার্থনা চলছিল। সেই সময় ক্লাসরুমে প্রথমে প্রেমিকাকে গুলি করে ১৬ বছরের ওই ছাত্র। পরে নিজেকে গুলি করে সে।
করাচির প্যাটেল পাড়া এলাকার নামী স্কুল গুলশন-ই-ফতিমার শিক্ষক ও পড়ুয়ারা পুরো ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, একটি ৯ এমএম পিস্তল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। ওই সুইসাইড নোটে তারা তাদের বাবা-মার কাছে এই চরম পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমাও চেয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের পরিবারের লোকজন ও স্কুল কর্তৃপক্ষকেও ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিশোরটি হ্যান্ডগানটি কোথায় পেল এবং কীভাবে সে সেটি নিয়ে স্কুলে ঢুকতে পারল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
সুইসাইড নোটে আত্মঘাতী যুগল তাদের পাশাপাশি কবর দেওয়ার জন্য পরিবারের কাছে আর্জি জানিয়েছে।