মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকার সব ধর্মের মানুষের সব ধরনের অধিকার রক্ষায় সচেষ্ট : সৈয়দ আশরাফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

ashraf
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের সব ধরনের অধিকার রক্ষায় সচেষ্ট।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শনিবার বিকালে রাজধানীর পলাশীর মোড়ে আয়োজিত ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ১৪২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে এখানে এসে কিছু বিষয় নিয়ে আমি ব্যথিত হয়েছি। বাংলাদেশের কোন কোন স্থানে হিন্দু বাড়িতে আক্রমন হয়েছে। ব্যবসা-বাণিজ্য দখল করা হয়েছে, এটা কিন্তু এই স্বাধীন বাংলাদেশে চলতে দিতে পারি না। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যারা এই কাজে নিপ্ত তাদের ছাড় দেয়া হবে না।’

সৈয়দ আশরাফ বলেন, ‘এই বাংলাদেশে হিন্দু, এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ খৃষ্টানের এবং এই বাংলাদেশ সকল বাংলাদেশের নাগরিকের। ধর্মীয় বিভাজন করে লুটপাট করবেন, বাড়ি দখল করবেন, সম্পত্তি দখল করবেন, এটা শেখ হাসিনার রাজনীতি নয়।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা এ ক্ষেত্রে দৃঢ় অবস্থানে। যারা কাপুরুষ, সংখ্যালঘুদেও ওপর আক্রমণ করে, তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দিতে পারিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন জন্য ধরাধামে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সম-মর্যাদা ও সম-অধিকার নিয়ে বাস করবে এবং যথাযথ মর্যাদায় নিজ নিজ ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন ধরনের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া হবে না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এই মিছিলের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

মিছিলটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট জাতীয় প্রেস ক্লাব-পল্টন-শহীদ নূর হোসেন স্কয়ার-গোলাপ শাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায়সাহেব বাজার-বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

হিন্দু ধর্মানুসারে, ঈশ্বরতত্ত্বের মহান প্রতীক হলেন শ্রীকৃষ্ণ। বেদে তিনি ঋষিকৃষ্ণ, দেবতাকৃষ্ণ। মহাভারতে রাজর্ষিকৃষ্ণ, শাসক ও প্রজাপালক কৃষ্ণ, অত্যাচারী দমনে যোদ্ধাকৃষ্ণ। ইতিহাসে যাদবকৃষ্ণ, দর্শনশাস্ত্রে সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ। শ্রীমদ্ভগবদ গীতায় অবতারকৃষ্ণ, দার্শনিক কৃষ্ণ, পুরুষোত্তম কৃষ্ণ, ঈশ্বরায়িত কৃষ্ণ।