চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে যুদ্ধের ৫০তম বার্ষিকী পালন পাকিস্তানের

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে দ্বিতীয় যুদ্ধের ৫০তম বার্ষিকী পালন করেছে পাকিস্তান। পারমাণবিক শক্তিধর দুই দেশ বেশ কয়েকটি ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হওয়ার কয়েক সপ্তাহ পর ইসলামাবাদ রোববার এ বার্ষিকী পালন করলো।
১৯৬৫ সালের আগস্ট ও সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। উভয় দেশ যুদ্ধে জয়ী হওয়ার দাবি করে। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে ওই যুদ্ধ শেষ হয়।
পাকিস্তান প্রতিবছর ৬ সেপ্টেম্বর ‘প্রতিরক্ষা দিবস’ উদযাপন করে। পাকিস্তানের গণমাধ্যমে ভারতীয় ‘আগ্রাসন’ রুখে দেয়ার জন্য দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রশংসা করা হয়।
তবে ঐতিহাসিকদের বেশিরভাগের ধারণা, ভারত শাসিত কাশ্মীরের অংশে পাকিস্তান বাহিনী অনুপ্রবেশ করার পর ওই যুদ্ধ শুরু হয়।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটিই হয়েছে কাশ্মীরকে নিয়ে। ভারত ও পাকিস্তান কাশ্মীরের দুটি অংশ নিয়ন্ত্রণ করে। যদিও উভয় দেশ কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করে।
২০১৪ সাল থেকে দেশ দুটির মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে। গত আগস্টে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণে দুই পক্ষের ২০ জন নিহত হয়।
চলতি মাসের শুরুতে নয়াদিল্লীতে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। বৈঠকের আলোচ্যসূচিতে কাশ্মীর প্রসঙ্গ যুক্ত করা হবে কিনা তা নিয়ে বিরোধের জেরে এটি বাতিল হয়।
যুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অন্যান্য নগরীতেও একই কর্মসূচি পালন করা হয়।
যুদ্ধে নিহত প্রায় ৪ হাজার সৈন্যের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পূর্বাঞ্চলের লাহোর নগরীতে যুদ্ধ বীরদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিমান বাহিনীর জঙ্গি বিমান সারাদেশে অ্যারোবেটিক ডিসপ্লে (বিমান উড্ডয়নের বিভিন্ন কৌশল) প্রদর্শন করে।
পাকিস্তানের সীমান্তবর্তী কুন্দনপুরে ১৯৬৫ সালে কয়েকটি ভয়াবহ যুদ্ধ হয়। সম্প্রতি এ এলাকায় উভয় দেশের মধ্যে গুলিবিনিময় হয়েছে। গোলা বিনিময়ে নিহত স্বজনদের জন্য শোকপ্রকাশ করেছেন গ্রামবাসীরা। এক নারী বলেন, ‘সাম্প্রতিক গোলাবর্ষণে তার স্বামী, তার ভাই ও ভাইজি নিহত হয়েছে।