মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভবিষ্যত প্রজন্ম যেন পাঠ্যপুস্তক কেন্দ্রিক না হয়ে পড়ে : আসাদুজ্জামান নূর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত

asaduzzaman noor 2
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ভবিষ্যত প্রজন্ম যেন কেবল পাঠ্যপুস্তক কেন্দ্রিক না হয়ে পড়ে, সেজন্য চিন্তা-ভাবনা করে তাদের পরিপূর্ণ বিকাশ সাধনে করণীয় নির্ধারণ জরুরী।

তিনি বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিয়ে একটু ভাবতে হবে এবং কাজ করতে হবে। কেবল জিপিএ-৫ প্রাপ্তি বা পরীক্ষা কেন্দ্রিক লেখাপড়া না করিয়ে তাদের জ্ঞানার্জনের জন্য অন্য বই পাঠের অভ্যাস গড়ে তোলা এবং মানসিক বিকাশে এক্সট্রা কারিকুলামের দিকেও নজর দেয়া প্রয়োজন।
মন্ত্রী আজ সন্ধ্যায় বাংলা একাডেমীতে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে চন্দ্রাবতী শিশু একাডেমী আয়োজিত দু’দিনব্যাপী (২ ও ৩ অক্টোবর) চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, অনেক শিশু ফিল্ড গেম খেলতে যায় না, হাতের নাগালেই ভিডিও গেম বা টিভি গেম রয়েছে। এতে করে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। বিষয়টি অভিভাবকদের নজরে রাখতে হবে।
তিনি বলেন, আজকালকার শিশুরা স্কুলে ঢোকার পর থেকেই একের পর এক পরীক্ষার চাপে পড়ে যায়। পাঠ্যপুস্তকের বাইরের বই তাদের আর পড়া হয়ে উঠছে না। জানা-শোনার গন্ডি এতে সীমিত হয়ে আসছে। বিষয়টি অবশ্যই সবাইকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।
এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম.ওয়াহিদুল হক প্রমুখ।
শিশুদের জন্য সাহিত্য রচনার প্রয়োজনীয়তার উল্লেখ করে বক্তারা পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশু-কিশোরদের অন্যান্য বই পাঠে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিশু সাহিত্যিক হালিমা খাতুন, হায়াৎ মামুদ এবং আলী ইমামকে চন্দ্রাবতী একাডেমী শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার বিজয়ীরা অনুষ্ঠানে নিজস্ব অনুভূতি ও ব্যাক্ত করেন।
আলোচনা পর্ব শেষে কিশোরগঞ্জ লোকসংস্কৃতি পরিষদের উদ্যোগে গীতিনৃত্যনাট্য চন্দ্রাবতী মঞ্চায়িত হয়।