মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকে অন্তর্ভুক্তির দাবি বিএনপির

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩ বার পঠিত

BNP-Flag
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দেশে দুজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ‘সুষ্ঠু তদন্তের’ স্বার্থে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকে তদন্তে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত হবে প্রয়োজনে জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্রের এফবিআইসহ যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তাদের অন্তর্ভুক্ত (ইনভল্ব) করা।’

রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘বর্তমান সরকারপ্রধান একটি সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে নানা প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বিএনপি চেয়ারপারসনকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই অরুচিকর। আমরা প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘সরকারপ্রধান দেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলেরও প্রধান। তার কাছ থেকে নতুন প্রজন্ম থেকে শুরু করে দেশের আপামর মানুষ রুচিবোধসম্পন্ন ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। তিনবারের প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে দেশের সরকারপ্রধানের এমন মন্তব্যে সাধারণ মানুষ শুধু হতাশই হন না, দুঃখও পান।’

বিএনপির এই মুখপাত্র বলেন, একজন শীর্ষ পর্যায়ের রাজনীতিক হিসেবে প্রধানমন্ত্রীর এ জাতীয় মন্তব্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে সংকটের মধ্যে ফেলবে। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকেও করবে সংকুচিত।

তিনি বলেন, ‘কাউকে অপমান করে কেউ কখনো বড় হতে পারে বলে আমরা মনে করি না।’

‘ভোট নয়, বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখতে চায়’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘ভোটকে অস্বীকৃতি জানিয়ে তথাকথিত যে উন্নয়নের কথা বলা হচ্ছে, সে সম্পর্কে আমরা ভিন্নমত পোষণ করি। বিশ্ব বাংলাদেশের উন্নয়ন নিয়ে যেমন আগ্রহী, তেমনি ভোট নিয়েও আগ্রহী। বাংলাদেশের উন্নয়ন অংশীদাররা একটি প্রকৃত গণতান্ত্রিক সরকারব্যবস্থা দেখতে চায়, যাতে জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে সানাউল্লাহ মিয়া, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।