মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

উপ-নির্বাচনে বৃহস্পতিবার আ.লীগের প্রার্থী চূড়ান্ত হবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত

tangail election
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপ-নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের নিয়ে সংসদীয় বোর্ডের সভা। তৃণমূলের মতামত নিয়ে আগামী বৃহস্পতিবার দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।

দলীয় সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় আগ্রহী প্রার্থীদের সবাইকে ডেকে নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়। এমনকি প্রার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র আরো জানায়, সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে সবার গোয়েন্দা রিপোর্ট আছে। আমরা তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে কয়েকদিনের মধ্যে আবারো সভা ডেকে প্রার্থী মনোনয়ন দেব।

গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

টাঙ্গাইল-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্র্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এবং প্রাক্তন কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার, কালিহাতি পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক আনসার আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ শূন্য আসনে ২৮ অক্টোবর ভোটের দিন নির্ধারণ করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। কালিহাতী উপজেলার ১৩ ইউনিয়ন, কালিহাতী পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৪ আসন।

এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। বিগত সময়ে টাঙ্গাইল-৪ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃৃত আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে বিরূপ মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে আওয়ামী লীগ। পরবর্তী সময়ে সংসদ সদস্য পদ থাকা নিয়ে জটিলতার নিষ্পত্তিতে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন। গত ২৩ আগস্ট শুনানিতে গিয়ে নিজেই পদত্যাগ করবেন বলে জানান লতিফ সিদ্দিকী। এরপর গত ১ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে বক্তব্য দেয়ার পর নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক এই মন্ত্রী। এর পরই জাতীয় সংসদ থেকে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।