বিএনপি- জামায়াত রাজনৈতিক নেতৃত্বকে হত্যার পরিকল্পনা করেছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শুধু বিদেশি নাগরিক কিংবা ব্লগার হত্যা নয়, বিএনপি- জামায়াত রাজনৈতিক নেতৃত্বকে হত্যার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি’র ‘গ্রিন স্টার’ সম্মাননা প্রাপ্তির পর বুধবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে রাঙ্গুনিয়াবাসীর দেওয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের এসব হত্যাকাণ্ডে সরকার কোনোভাবেই বিচলিত নয়। যারা এই পরিকল্পনা করছে এবং বিদেশি হত্যার মাধ্যমে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ইতিমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদর কঠোরভাবে দমন করা হবে।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, গত বছর আগুন সন্ত্রাসের মাধ্যমে শতাধিক মানুষকে পুড়িয়ে মেরে, ব্যাপক ধংসযজ্ঞ চালিয়েও সরকারের কঠোর মনবলের কাছে বিএনপি-জামায়াতের আন্দোলন পরাস্ত হয়েছে। এখন তারা নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে বিদেশিদের কাছে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে মাঠে নেমেছে। তবে তাদের সেই চেষ্টা কখনো সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। সরকারের উন্নয়নের চিত্র আমরা গল্প আকারে বিশ্ববাসীর সামনে তুলে ধরব।
এ সময় রাঙ্গুনিয়ার পৌর মেয়র খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলী শাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।