বিদেশি হত্যাসহ সংঘটিত সব অপকর্মে জামায়াত-জঙ্গিরা জড়িত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দুই বিদেশি হত্যাসহ সংঘটিত সব অপকর্মে জামায়াত-জঙ্গিরা জড়িত বলে দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
রাজধানীর পুরানা পল্টনে ফটোগ্রাফার্স অ্যাসেসিয়েশন মিলনায়তনে শনিবার বিকেলে জোটের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
মিছবাহুর রহমান বলেন, বাংলাদেশে আইএস নেই। জামায়াত ও তাদের লালিত জঙ্গিরাই দেশকে অস্থিতিশীল করার জন্য দুই বিদেশি হত্যাসহ সব অপকর্ম চালিয়ে যাচ্ছে।’
জামায়াতের সম্ভাব্য নাশকতার ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জেএমবি, হরকাতুল জেহাদ, আনসারুল্লাহ বাংলা টিম জামায়াতের সৃষ্টি। এসব জঙ্গি সংগঠন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে।’
তিনি বলেন, জামায়াতি জঙ্গিরা ইসলামের নামে মানুষ ঘ্যুা করছে, বোমাবাজি করছে। নিরীহ মানুষ হত্যা, বোমা মেরে মানুষ মারা এবং আত্মহত্যা করা কখনোই ইসলামের পক্ষে জেহাদ হতে পারে না।
জামায়াত জঙ্গিদের অপকর্মের প্রতিবাদে ৩১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেন জোটের চেয়ারম্যান।
সংগঠনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী জুলকরনাইনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন উজানি, যুগ্ম মহাসচিব আবু হানিফ বুলবুল, মাওলানা ইউসুফ সিদ্দিকী, মাওলানা নুরুল আলম, শাহ আলম খান, জসিম উদ্দিন, আতিয়ার রহমান, অ্যাড খাইরুল আনাম প্রমুখ।