বিএনপির মাহবুবুর রহমানের বক্তব্য অযৌক্তিক ও অপ্রত্যাশিত : জামায়াত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন সেনাপ্রধান মাহবুবুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ।
শনিবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘সাক্ষাৎকারে মাহবুবুর রহমান জামায়াতে ইসলামী সম্পর্কে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত।’
মাহবুবুর রহমানের সমালোচনা করে জামায়াত নেতা আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সম্পর্কে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থের বিরোধী। তার বক্তব্যের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো- জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে কোনো নেতিবাচক ধারণা নেই। মাহবুবুর রহমানের মনে নানা প্রশ্ন থাকলেও জনগণের মনে কোনো বিরূপ প্রশ্ন নেই।’
সাক্ষাৎকারে মাহবুবুর রহমান বলেন, ‘সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে নিষিদ্ধ করছে না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।’
এমন বক্তব্যের প্রতিবাদে জামায়াতের নেতা হামিদুর রহমান আযাদ বলেন, ‘তার মন্তব্য উস্কানিমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্যবিরোধী। ২০ দলীয় জোটের শরিক দলের একজন নেতা হয়ে তিনি এ ধরনের স্ববিরোধী মন্তব্য করতে পারেন না। সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙতে চায় তারাই এ ধরনের আত্মঘাতী বিরূপ মন্তব্য ছুড়ে দিতে পারে।’
২০ দলীয় জোটে থেকে এ ধরনের জাতীয় স্বার্থের বিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকতে মাহবুবুর রহমানের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।