এবার মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন মুনাওয়ার রানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ফেরত দেওয়ার হিরিক পড়েছে ভারতে। এবার এ তালিকায় যুক্ত হলেন আধুনিক হিন্দি ও উর্দু কবি মুনাওয়ার রানা।
যুক্তবাদী লেখকদের হত্যা, গরু খাওয়া নিয়ে উগ্রবাদী হিন্দুদের সহিংসতা এবং এসব ব্যাপারে মোদি প্রশাসনের কর্তাব্যক্তির নানা উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে রানা তার সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর তাকে এ পুরস্কার দেওয়া হয়।
আজ রোববার নয়দিল্লিতে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রানার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু কাউসার উসমান তার এই ঘোষণা টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রানা টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি তার পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পুরস্কার থেকে পাওয়া অর্থ ফেরত দেওয়ার জন্য একটি খোলা চেকও হস্তান্তর করেন কর্তৃপক্ষ বরাবর। আগামী সময়ে সরকারি কোনো পুরস্কার গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।
এর আগে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছিলেন, ‘পুরস্কার-টুরস্কারের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। পুরস্কারের জন্য কখনো আমি কারো কাছে বই-ও পাঠাইনি।’ তবে আনুষ্ঠানিকভাবে তিনি পদক ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেননি।
মুনওয়ারা রানা বলেন, ‘দেশের বর্তমান বাস্তবতায় বড় ধরনের বিপ্লব হওয়া দরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি এসবের প্রতিবাদে আমরণ অনশনে যাব।’
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।