খালেদার ষড়যন্ত্র দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না : হানিফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্রই আর এ দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
রোববার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘জনগণের ওপর আপনার কোনো আস্থা নেই। আপনার আস্থা বিদেশি প্রভূদের ওপর। আপনার আর কোনো ষড়যন্ত্রই এ দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আবারও ষড়যন্ত্র করতে চাইলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার উপযুক্ত জবাব দেবে।’
‘মা-ছেলে (খালেদা-তারেক) যখন লন্ডনে মিলিত হয়েছে, তখনই বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকা-ের ঘটনা ঘটেছে। তখনই প্রশ্ন উঠে- এ হত্যাকা- কেন? এমন প্রশ্ন তোলেন মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘বিদেশি হত্যা সাধারণ কোনো ঘটনা নয়। এই হত্যাকা- রাজনৈতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করার জন্য। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে ক্লু বের হয়ে এসেছে।’
‘বিএনপি-জামায়াত গত ৫ জানুয়ারি আগুন সন্ত্রাস চালিয়ে দেড় শতাধিক লোককে হত্যা করেছে। এই অপশক্তি এখনও তৎপর। তাদের ষড়যন্ত্র থেমে নেই। এখন খালেদা জিয়া নতুন ষড়যন্ত্রের পথ খুঁজছেন,’ বলেন আওয়ামী লীগের এই নেতা।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।