প্রকাশক ও ব্লগারদের হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ প্রকাশক ও ব্লগারদের হতাহতের ঘটনার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ)।
আজ শনিবার রাত ৯টা ৩৭ মিনিটে কালের কণ্ঠের কাছে ইমেইল পাঠিয়ে আনসার আল ইসলামের (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ) নাম ব্যবহার করে প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করা হয়েছে।
এতে বলা হয়েছে, এই দুই প্রকাশকের প্রকাশিত বইয়ে রাসুল (সা.) ও ইসলামকে কটাক্ষ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তাঁদের ওপর ‘প্রতিশোধমূলক’ হামলা চালানো হয়েছে।
বার্তায় এরপর কাদের ওপর হামলা করা হবে তাঁদের তালিকাও দেওয়া হয়েছে।
দুপুরে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু এবং তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
এর চার ঘণ্টা পরই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।