বিচার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সাকা চৌধুরীর হাইকোর্টে রিট

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি বিশেষকে বিচারের সংবিধানিক বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।
সোমবার সালাউদ্দিন কাদেরের পক্ষে তার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী এ রিট দায়ের করেন।
বিচার চ্যালেঞ্জ করে বলা হয়, সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ব্যক্তি বিশেষের বিচারের বিধানটি যুক্ত করা হয়। এর আগে এ ধরনের অপরাধে সংঘবদ্ধ দলকে বিচারের বিধান ছিল।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ব্যক্তি বিশেষকে বিচারের বিধান যুক্ত করা হয়। এই পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিট আবেদনটিতে।’
এছাড়া আবেদনে হাইকোর্ট থেকে প্রথম তিনজন বিচারপতিকে ট্রাইব্যুনালে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে, যে তিন বিচারপতি সাকা চৌধুরীর যুদ্ধাপরাধের বিচার করেছেন।
এরআগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আপিল বিভাগের দেয়া আদেশের রিভিউ চেয়ে করা সালাউদ্দিন কাদেরের আবেদনের শুনানি ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে।
এছাড়া সালাউদ্দিন কাদেরের পক্ষে ছয় পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্যগ্রহণের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।