তাভেল্লা হত্যায় আটক মতিনের ৮ দিনের রিমান্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইতালীয় নাগরিক সিজারে তাভেল্লা হত্যায় গ্রেপ্তার বিএনপির ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে যশোর বেনাপোল সীমান্ত থেকে মতিনকে গ্রেপ্তার করে ডিবি।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মতিন বড় আঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, সিজারে তাভেল্লা হত্যায় গ্রেপ্তার মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেলের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে ঢাকায় আনা হয়েছে।
এ ঘটনায় সঙ্গে জড়িতরা যেন ভারতে পালিয়ে যেতে না পারেন এ জন্য বিভিন্ন সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর গত ২৬ অক্টোবর চারজনকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে চাক্কি রাসেল ছাড়া বাকি তিনজন এরই মধ্যে হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন।