মোবাইলে জগন্নাথের ভর্তি পরীক্ষার উত্তরপত্র : ৩ জনের সাজা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তরপত্র মোবাইলফোনে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও এক ভর্তীচ্ছুকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দেওয়া রাকিবুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও ভর্তি পরীক্ষার্থী মোকাম উদ্দীন।
দুই শিক্ষার্থী ও এক ভর্তীচ্ছুককে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, রাকিবুলকে দুই বছর, রাশেদুলকে এক বছর ও ভর্তি পরীক্ষার্থী মোকামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, এদিন ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে বাংলাবাজার বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোবাইলফোন বের করে উত্তরপত্র দেখার সময় দায়িত্বরত শিক্ষকদের হাতে আটক হন মোকাম। অন্যদিকে বেলা সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে রাকিব ও রাশেদকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় তাদের মোবাইল ফোনে উত্তরপত্র পাওয়া যায়।