রাজধানীর কচুক্ষেত এলাকায় মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম, আটক ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীর রজনীগন্ধা (কচুক্ষেত) এলাকায় এমপি চেকপোস্টে একজন মিলিটারি পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে। আহত মিলিটারি পুলিশ সদস্যর নাম ল্যান্স করপোরাল সামিদুল ইসলাম। ঘটনার পরপরই আহত মিলিটারি পুলিশ (এমপি) সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার সময় ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একটি রিকশার জটলা সৃষ্টি হয়। ওই সময় ল্যান্স করপোরাল সামিদুল মিরপুরের দিক দিয়ে সেনানিবাস পার হওয়ার রজনীগন্ধা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিকশার জটলা দেখে এগিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ পেছন থেকে লুঙ্গি ও শার্ট পরা ৩০-৩৫ বছরের এক ব্যক্তি তাকে পেছন থেকে চাপাতি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এতে পিঠে, মাথায় ও বাম চোয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে সামিদুল মাটিয়ে লুটিয়ে পড়েন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারী মিরপুর ১৪ নম্বর মোড়ের দিকে পালিয়ে যেতে থাকেন। তার মুখে দাড়ি ছিল। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় সামিদুলের সহকর্মীরা ত্বরিত সিদ্ধান্তে আক্রমণকারীকে ধাওয়া করে ধরে ফেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) কুদরত-ই-খুদা কালের কণ্ঠকে জানান, ঘটনাটি জানার পরই আমরা সেখানে উপস্থিত হই। আহত সেনা পুলিশ সদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। হামলাকারী এখনও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।