পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ আরমানকে প্রকাশ্যে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সোনারগাঁয়ের পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ আরমানকে প্রকাশ্যে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি পাম্পের সামনে গোহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরমান হোসেন কুমিল্লার মেঘনা থানার বাঘাইকান্দা গ্রামের মঞ্জুর কাদেরের ছেলে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে তার মামার বাড়িতে বসবাস করতেন। তার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫-১৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও এলাকাবাসী আরও জানায়, সোনারগাঁয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান হোসেন আজ বুধবার সকালে মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোহাট্টা এলাকায় আফিয়া সিএনজি পাম্পের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আরমান হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে। আরমান তার মোটরসাইকেল থামাতেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাষ্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, সন্ত্রাসী আরমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।