রাজধানীর ডেমরায় আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীর ডেমরার পশ্চিম সানারপাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক গিয়াসকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত গিয়াস উদ্দিন সারুলিয়া ইউনিয়নের মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে। ডেমরা থানা জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হলে তারা মরদেহ উদ্ধার করে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ডেমরা থানার এসআই কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত গিয়াস উদ্দিন সারুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পশ্চিম সানারপাড়ার একটি বাগানের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয়রা গিয়াসের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। প্রাথমিক ভাবে তাদের ধারণা গিয়াসউদ্দিনকে অন্যত্র হত্যা করে গভীর রাতের কোনো এক সময় খালপাড়ে ফেলে চলে যায়। তবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এদিকে এ হত্যাকাণ্ডের বিষয়ে ওয়ারী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাঈনুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরে জানানো হবে। প্রসঙ্গত, গত ২ সপ্তাহে রাজধানীর ডেমরায় এটি দ্বিতীয় হত্যাকাণ্ড।