মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রুয়েট ছাত্রলীগ নেতা অপহরণ মামলায় গ্রেপ্তার দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

ruet-student-kidnap-sohag_bsl
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখার ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগ অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ ও রাজশাহী থেকে গ্রেপ্তার দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে তাঁদের রাজশাহী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা দক্ষিণখান থানার ফাইজবাদ এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফারজাদুল ইসলাম মিরন (২৮), রাজশাহী নগরীর নওদাপাড়ার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপু (২১)।

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল রববার সকালে নগরীর নওদাপাড়া থেকে রুয়েট শিক্ষার্থী ইসফাক ইয়াসিফ ইপুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইপু পুলিশকে জানায়, সোহাগ অপহরণের মূল পরিকল্পনাকারী রুয়েটের সাবেক শিক্ষার্থী ফরাজদুল ইসলাম মিরন। পরে গতকাল রাতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মিরনকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতরদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে বিচারক জুলফিকার উল্লাহ আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোহাগ অপহরণের কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর রাতে র‌্যাব পরিচয়ে নগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থিত সোহাগের বাড়ি থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আক্কাসউজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা র‌্যাব ও ডিবি পুলিশ এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়।