আহমাদিয়া সম্প্রদায়ের উপাসনালয়ে বোমা হামলার দায় স্বীকার আইএস’র

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আহমাদিয়া সম্প্রদায়ের উপাসনালয়ে বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ট্র্যাক টেররিজম’ এক টুইটে এতথ্য জানিয়েছে।
গবেষণা সংস্থাটি জানায়, আইসিস তাদের বার্তায় জানিয়েছে আবুল ফিদা আল বাঙ্গালি নামে একজন এই হামলা চালিয়েছে। তারা টুইটে আইসিসের এই দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রীনশটও দিয়েছে। আরবীতে লেখা স্ক্রীনশটটির ওপর ক্লিক করলে এর ইংরেজী অনুবাদ দেখা যায় অন্য পাতায়।
এতে লেখা, ‘ইস্তিশহাদি আল ফিদা আল বাঙ্গালি বিস্ফোরক বেল্ট পড়ে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যূত কাদিয়ানিদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে তিরিশজনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদরে মাঝে গ্রহণ করে নেন।’
উল্লেখ্য, বাগমারায় গতকাল শুক্রবার আহমদীয় মুসলিম সম্প্রদায়ের উপাসনালয়ে বোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়।
নিহত ব্যক্তিই আসলে ঐ বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করছে। তবে কথিত হামলাকারির পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি।