র্যাবের সাথে গুলিবিনিময়ে সন্ত্রাসী কালা জনি নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীর রূপনগর ইষ্টার্ন হাউজিং এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে গুলিবিনিময়ে আল আমিন জনি ওরফে কালা জনি (৩৩) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্বার করেছে। শনিবার মধ্যরাতে রূপনগর ইষ্টার্ণ হাউজিং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) খন্দকার লুৎফুল কবির বাসসকে জানান, সন্ত্রাসী আল আমিন জনির বিরুদ্ধে খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।
র্যাব-৪ সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রূপনগর ইষ্টার্ণ হাউজিং এলাকায় টহলরত র্যাব সদস্যরা কয়েক যুবককে তল্লাশীর জন্য দাড়াতে বলে। কিন্তু ওই যুবকরা না দাড়িয়ে বরং উল্টো র্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে জীবনরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের এক পর্যায়ে আল আমিন জনি ওরফে কালা জনি (৩৩) নামে এক সন্ত্রাসী গুরুতর আহত হয়। এসময় কালা জনির সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
পরে আহত ওই সন্ত্রাসীকে র্যাব সদস্যরা উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার পর র্যাব সদস্যরা গুলিবিদ্ধ ওই যুবকের নাম আল আমিন জনি ওরফে কালা জনি (৩৩) বলে জানতে পারে।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদ আলম আজ বাসসকে জানান, সন্ত্রাসী আল আমিন জনির বিরুদ্ধে খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।