হোমিও চিকিৎসক হত্যার দায় স্বীকার করেছে আইএস

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ঝিনাইদহে মুখোশধারী দুর্বৃত্তদের হাতে নিহত হোমিও চিকিৎসক ছমির মণ্ডল ওরফে খাজাকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক এস্টেট বা আইএস।
চরমপন্থা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ আজ শুক্রবার তাদের ওয়েবসাইটে আইএস এর একটি বিবৃতি প্রকাশ করে। প্রকাশিত বিবৃতিতে ওই চিকিৎসককে হত্যার দায় স্বীকারের কথা বলা হয়।
সাইট ইন্টিলিজেন্স’র ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় আইএস বলছে, খেলাফতের সৈন্যরা তাদের তরবারি দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৬১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঝিনাইদহে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া এক মুরতাদ ছমির মণ্ডলকে খতম করতে সফল হয়েছেন।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে নিজ কর্মস্থলে খুন হন ৮৫ বছর বয়সী চিকিৎসক ছমির মণ্ডল। তিনি ২০০১ সালে খ্রিস্টান ধর্মের দীক্ষা নিয়ে আবারো ইসলাম ধর্মে ফিরে এসেছিলেন।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে গেলেও এর সঙ্গে আইএস সংশ্লিষ্টতার দাবি প্রত্যাখ্যান করে রাজনৈতিক বিরোধীদের দোষারোপ করছে সরকার।