মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে নৌকায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৫৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হাওরে নৌকার ভেতর এক নারী‌কে (২৫) ধর্ষণের অভি‌যোগে বোরহান উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত বোরহান উদ্দিন করিমগঞ্জ উপজেলার রৌহা পূর্বপাড়ার তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ইঞ্জিনচালিত নৌকায় নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৫) সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রৌহা পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে বোরহান উদ্দিন সাগুলি যাওয়ার কথা বলে নৌকায় ওঠেন। তখন নৌকায় আর কোনো যাত্রী ছিলেন না। নৌকা ছাড়ার কিছুক্ষণ পর মাঝির সহযোগিতায় নৌকার দরজা-জানালা বন্ধ করে হাওরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন বোরহান। সন্ধ্যায় নারীকে স্থানীয় ফাজিলখালী বাজারে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন বোরহান। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে রোববার বিকেলে বোরহানসহ নৌকার মাঝি স্বপন মিয়াকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে বোরহান উদ্দিন ও নৌকার মাঝি স্বপন মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর আসামি স্বপন মিয়াকে গ্রেপ্তারের জন্য তারা তৎপর রয়েছেন।