কিশোরগঞ্জে হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলের মত্যুদণ্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে দাখিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল হক হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে ফাঁসি ও তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে আর্থিক জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
রায় প্রদানের সময় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া পলাতক ছিলেন। তবে তার বাবা যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি নুরুল করীম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত আসামিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের গাবুরগাঁও গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর আমিনুল হকের ছেলে রক্সি প্রাইভেটকারে বাড়ি ফেরার সময় ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবক মানিক রক্সিকে মারধর করে বাড়িতে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে রক্সির বাবা আমিনুল হক ঘটনাস্থলে গিয়ে এ নিয়ে কথা কাটাকাটির শুরু হলে মানিক ও তার বাবা নুরুল করীম তার ওপর হামলা চালিয়ে মারধর করে এবং একপর্যায়ে মানিক ছুরি দিয়ে আমিনু হকের বুকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ২০০৯ সালের ১৭ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।