মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ছাত্রীকে অপহরণ, শিক্ষক গ্রেফতার

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৯৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে বোরহান উদ্দিন নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কোদালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বোরহান উদ্দিন উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের আলতাব উদ্দিনের ছেলে এবং কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক। ব্যক্তিগত জীবনে অভিযুক্ত ওই শিক্ষক বিবাহিত।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের হৃদ্ধিয়া গ্রামের প্রবাসীর মেয়ে ওই ভুক্তভোগী। সে কোদালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একদল দুর্বৃত্ত তাকে সেখান থেকে অপহরণ করে। ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-ভৈরব সড়কের পুলেরঘাট বাজার থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন অজ্ঞাত তিনজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা করে ছাত্রীটির পরিবার। এ মামলায় প্রযুক্তির সহায়তায় বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।