মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে নদীতে ভেসে উঠলো ছাত্রলীগ নেতার লাশ

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৭৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফারী মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে ও মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, হাবিবুল্লাহ হাবিব হাওরের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। আজ ভোর ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার শেষ সীমানায় নদীতে ভাসমান অবস্থায় পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জের হাওরে যান হাবিব ও তার সাত বন্ধু। সারাদিন মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেন। সন্ধ্যায় হাওর থেকে ফিরছিলেন তারা। এ সময় ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ট্রলার থেকে পড়ে যান হাবিব। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।