পুরোহিতকে হত্যার হুমকির ঘটনায় কিশোরগঞ্জের সাবেক সেনা কর্মকর্তার হাতের লেখা পরীক্ষা
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
রাজধানীর রামকৃঞ্চ মিশনের পুরোহিত শ্রী শ্রী মৃদুল মহারাজ গোস্বামীকে হত্যার হুমকির ঘটনায় এ বি সিদ্দিক নামে সন্দেহভাজন কিশোরগঞ্জের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তলব করার পর হাতের লেখা মিলিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে (২১ জুন) ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রামকৃঞ্চ মিশনের পুরোহিতকে কিশোরগঞ্জের যে ঠিকানা থেকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিলো, সেই ঠিকানায় যোগাযোগ করে এ বি সিদ্দিককে ওয়ারী থানায় দেখা করতে বলা হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে দুপুরে এ বি সিদ্দিকি ওয়ারী থানায় হাজির হন।
তিনি আরো জানান, এ বি সিদ্দিক থানায় আসলে তার হাতের লেখা পরীক্ষা করা হয়। কিন্তু তার হাতের লেখার সাথে হুমকিদাতার চিঠির লেখার কোনো মিল না পাওয়ায় তাকে স্ব-সম্মানে ছেড়ে দেয়া হয়েছে।
ওয়ারী থানার ওসি জানান, এবি সিদ্দিক বর্তমানে কিশোরগঞ্জে পেট্রোল পাম্প ও মাৎস খামার ব্যবসায় নিয়োজিত। তার মেয়ে ও মেয়ে জামাই ডাক্তার। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে, তাকে ফাঁসানোর জন্যই ভুল ঠিকানা ব্যবহার করে রামকৃঞ্চ মিশনের পুরোহিতকে হুমকি দেয়া হতে পারে। এ বি সিদ্দিকের দুই সন্তান। বড় মেয়ে বেসরকারি মেডিকেলে পড়ছেন, ছেলে উচ্চ মাধ্যমিকে।
ওয়ারী ডিসি কার্যালয়ে এ বি সিদ্দিক সাংবাদিকদের জানান, ১৮ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসরে যান তিনি। এরপর খিলক্ষেতে তার স্ত্রীর বাড়ি বিক্রি করে কিশোরগঞ্জে বৌলাই এলাকায় একটি পেট্রোল পাম্প ও মাছের খামার নির্মাণকাজ শুরু করেন। তিন–চার মাস আগে পুলিশ-র্যাবের কাছে তিনি মাদক, জুয়া ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে একটি পক্ষ। তখন এসব বিষয় স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেন তিনি। ওই পক্ষই এবারও রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে তাকে হয়রানি করছে বলে তার ধারণা।
এর আগে, গত ১৫ জুন ইসলামিক স্টেটের (আইএস) নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃঞ্চ মিশনের সহ-সম্পাদক স্বামী সেবান্দকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে লিকলিকে গড়নের এক যুবক রামকৃষ্ণ মিশনের ফটকে এসে চিঠি দিয়ে গেছে। পরে এ ঘটনায় রামকৃঞ্চ মিশনের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি জিডি করা হয়।
এদিকে ধর্মগুরুকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান